খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট ২০২৫
রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসা থেকে চাঁদাবাজির টাকায় কেনা গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক (সম্প্রতি বহিষ্কৃত) সমন্বয়ক জানে আলম অপু’র ইয়ামাহা এফজেড-এক্স ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
সূত্র বলছে, শুক্রবার (১ আগস্ট) মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ২১ নম্বর বাড়ি থেকে এ মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্র জানিয়েছে, শুক্রবার (১ আগস্ট) জানে আলম অপুর তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ২১ নম্বর বাড়ি থেকে ইয়ামাহা এফজেড-এক্স মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার দাম প্রায় ৩ লাখ ৭ হাজার টাকা। জানা গেছে, মোটরসাইকেলটি চাঁদা আদায়ের টাকায় কেনা হয়।
এর আগে, শুক্রবার সকালেই রাজধানীর গোপীবাগ এলাকা থেকে জানে আলম অপুকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। বিকেলে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
খবরওয়ালা/এমএজেড