আগস্টজুড়ে ঢাকায় চিরুনি অভিযান চলবে: ডিএমপি

আগস্ট মাসজুড়ে রাজধানী ঢাকায় চলবে পুলিশের চিরুনি অভিযান। সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার আশঙ্কায় এই তৎপরতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

তিনি বলেন, “আগস্ট মাসকে ঘিরে নানা রকম আশঙ্কা রয়েছে। পত্রপত্রিকায়ও সে ইঙ্গিত মিলেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। প্রতিটি থানা, ইউনিট ও টিম কাজ করছে।”

রমনা বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকার পতনের এক বছর পূর্তিকে ঘিরে রাজধানীতে নাশকতার প্রস্তুতির তথ্য রয়েছে পুলিশের হাতে। যদিও বর্তমানে সরাসরি কোনো হুমকি নেই, তবুও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

তিনি আরও জানান, ঢাকায় কিছু রাজনৈতিক নেতার মালিকানাধীন একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে সেসব জায়গা নজরদারিতে রাখা হয়েছে।

এছাড়া রাজধানীর আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলোতেও পুলিশ নজরদারি জোরদার করেছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হঠাৎ হানা, তল্লাশি ও পরিচয় যাচাই করা হবে বলে জানায় ডিএমপি।

ডিএমপি সূত্র জানায়, আগস্ট মাস নানা ঐতিহাসিক ঘটনার জন্য স্পর্শকাতর হওয়ায় এবং রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাধারণ নাগরিকদের সহযোগিতা চেয়েছে পুলিশ।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।