১২ দিন পর মাইলস্টোন কলেজ খুলছে আজ, হবে না পাঠদান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ সীমিত পরিসরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে আজ। তবে কোনো ধরনের পাঠদান বা একাডেমিক কার্যক্রম নয়, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফেরানোর অংশ হিসেবেই খুলছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

তিনি বলেন, ২১ জুলাই ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর পুরো কলেজ ক্যাম্পাস শোক ও বেদনায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। এ অবস্থায় শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া কলেজ প্রশাসনের কাছে অন্য কোনো কিছু অগ্রাধিকার নয়।

শাহ বুলবুল বলেন, শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এ জন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সুযোগ পাবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাবে। মানসিক প্রশান্তি ফিরে পেতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি আরও বলেন, কলেজে দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রয়েছে। শনিবারের মতো আজ রবিবার একই কর্মসূচি চলবে। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর সহায়তায় একটি চিকিৎসা ক্যাম্প চালু আছে, যেখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। কেউ চাইলে ব্যক্তিগতভাবে একান্ত আলাপের সুযোগও পাচ্ছেন। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা এই সংকটময় সময়ে কলেজের বড় শক্তি হয়ে উঠেছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এর মধ্যেই চালু ছিল প্রশাসনিক কার্যক্রম, আহতদের সহায়তায় গঠন করা হয় একটি কন্ট্রোল রুম।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।