বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে থেকে পুলিশ হেফাজতে থাকা এক আসামি পালিয়ে গেছেন। রবিবার (৩ আগস্ট) বিকেলে আসামিকে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
পলাতক আসামির নাম আল আমিন। তিনি বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের বাসিন্দা এবং আলতাফ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা কোর্ট পরিদর্শক মিজানুর রহমান। তিনি জানান, ‘হাত চিকন থাকায় হাতকড়া খুলে আসামি পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ আল আমিনকে খুঁজছে। তার পলায়নে পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।’
পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিনের বিরুদ্ধে ২০১৮ সালে তার প্রথম স্ত্রী বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক মামলা করেন। মামলায় আদালত তার বিরুদ্ধে ডিক্রি জারি করে। এরপর পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে।
এর পরিপ্রেক্ষিতে গত শনিবার বরগুনা থানার পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে। রবিবার আদালতে হাজির করা হলে সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের দক্ষিণ পাশের প্রধান ফটকের সামনে থেকে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খবরওয়ালা/এসআই



