ট্রাম্পের হুমকির জবাবে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া

রাশিয়ার কাছ থেকে তেল আমদানির জেরে আবারও ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া।

মঙ্গলবার (৫ আগস্ট) মস্কো এক বিবৃতিতে অভিযোগ করেছে, ওয়াশিংটন ভারতের ওপর ‘অনৈতিক বাণিজ্যিক চাপ’ প্রয়োগ করছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা অনেক বিবৃতি শুনছি, যা হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার চেষ্টা হিসেবে এসব হুমকি দেওয়া হচ্ছে। আমরা এসব বিবৃতিকে বৈধ বলে মনে করি না।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি সার্বভৌম দেশগুলোর নিজেদের বাণিজ্যিক অংশীদার ও অর্থনৈতিক সহযোগীদের বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং এই অধিকার থাকা উচিত। কারণ এটি তাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন, রাশিয়া যদি সাড়ে তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আগামী শুক্রবার থেকে তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একইসঙ্গে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি করা দেশগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

এর আগে, সোমবার নয়াদিল্লি ট্রাম্পের হুমকিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে জানিয়েছে, তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের এমন অবস্থানের ফলে দুই বৃহৎ অর্থনীতির মধ্যে বাণিজ্যিক টানাপড়েন আরও ঘনীভূত হয়েছে।

ভারত সরকারের দুটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। ইতোমধ্যে ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন, যা আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।