দুই নারীকে পাঁচবার ধর্ষণ ও অপরজনকে যৌন নিপীড়নের অভিযোগ, জামিনে ফুটবলার

সাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। আজ (৫ আগস্ট) লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে তাঁকে জামিন দেয় আদালত।

৩২ বছর বয়সী পার্টের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিনি দুই নারীকে পাঁচবার ধর্ষণ এবং আরও এক নারীকে যৌন নিপীড়ন করেছেন। অভিযোগ অনুযায়ী, এসব ঘটনা ঘটেছে ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে খেলার সময়।

চলতি বছরের জুন মাসে আর্সেনালের সঙ্গে থমাসের চুক্তির মেয়াদ শেষ হয়। এর চার দিন পর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। আজ আদালতে হাজিরার সময় থমাস পার্টে কালো জিপ-আপ সোয়েটার পরে ছিলেন এবং হাতে ছিল নেভি ব্লেজার। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজের নাম নিশ্চিত করেন এবং জামিনের শর্তগুলো বুঝেছেন বলেও জানান।

জামিনের শর্ত অনুযায়ী, থমাস অভিযোগকারী তিন নারীর কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। স্থায়ী ঠিকানা পরিবর্তন বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও তাঁকে পুলিশের অনুমতি নিতে হবে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এক নারীর কাছ থেকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। দীর্ঘ তদন্তের ভিত্তিতেই এসব অভিযোগ আনা হয়েছে।

থমাস পার্টের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর মক্কেল সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বিশ্বাস করেন, আদালতে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে নির্দোষ প্রমাণিত হবেন। মামলার পরবর্তী শুনানি আগামী ২ সেপ্টেম্বর, ওল্ড বেইলি আদালতে অনুষ্ঠিত হবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।