খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ই আগস্ট ২০২৫, ১২:৫৯ এএম
চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে বিল দিতে না পারায় নবজাতক কন্যাশিশুকে রেখে পালিয়েছিলেন এক দম্পতি।
পরে হাসপাতালের আবেদনে পুলিশ ওই দম্পতির সন্ধান বের করে এনে বুধবার (৬ আগস্ট) শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। এসময় মা কান্নায় ভেঙে পড়েন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়া উপজেলার এক সিএনজি চালক গত ১৮ জুলাই স্ত্রীকে নগরীর ওআর নিজাম রোডের এশিয়ান স্পেশালাইজড হসপিটালে ভর্তি করান। ওই রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়, যাকে জন্মের পর থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়।
২২ জুলাই মাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তখন পর্যন্ত বিল ছিল ৪৬ হাজার টাকা, যার মধ্যে ৪০ হাজার টাকা পরিশোধ করে সন্তানকে রেখে চলে যান তারা। এরপর আর ফিরে আসেননি।
খোঁজ না পেয়ে ১ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করে। এরপর চকবাজার থানা পুলিশ রাউজান ও রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নবজাতকের মা-বাবার অবস্থান শনাক্ত করে। পরে নিজ খরচে তাদের চট্টগ্রামে এনে হাসপাতালে হাজির করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার পর্যন্ত বিল দাঁড়ায় ৩ লাখ ৩ হাজার টাকা। তবে মানবিক দিক বিবেচনায় বিল মওকুফ করে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, “মানবিক কারণে আমরা পরিবারটিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। মা-বাবা এসে যখন সন্তানকে বুকে নেয়, তখন সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়।”
শিশুটির মা বলেন, “সন্তানকে রেখে চলে এসে প্রতিদিন কেঁদেছি। কিন্তু আর্থিক অসহায়ত্বের কারণে ফিরতে পারিনি।”
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আলী বলেন, “দারিদ্র্যপীড়িত রোগীদের জন্য আমাদের পক্ষ থেকে সহানুভূতিশীল সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবারটি আগেই জানালে বিল মওকুফ করা হতো।”
খবরওয়ালা/আশ
মন্তব্য