এশিয়া কাপ খেলবে না পাকিস্তান, পরিবর্তে ডাক পেলো বাংলাদেশ

ভারতের রাজগিরে আগামী ২৯ আগস্ট শুরু হচ্ছে হকি এশিয়া কাপ। তবে এ প্রতিযোগিতায় দেখা যাবে না চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)।

বুধবার হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাকিস্তান হকি ফেডারেশন এশিয়ান হকি ফেডারেশনকে লিখিতভাবে জানিয়েছে যে ভারতের মাটিতে খেলতে গেলে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় তারা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।

পরিস্থিতি আঁচ করে বিকল্প দল হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন হকি ইন্ডিয়ার ওই কর্মকর্তা।

ভারত-পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েন দীর্ঘদিনের। শুরু থেকেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। যদিও জুলাইয়ের শুরুতে ভারত সরকার স্পষ্ট করে জানায়, পাকিস্তানের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না। তবুও পাকিস্তান ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয় এবং পরে ভিসার আবেদন করলেও, তাদের সরকারের পক্ষ থেকে জানানো হয়—ভারত সরকারের লিখিত নিরাপত্তা নিশ্চয়তা না পেলে কোনো দল ভারতে যাবে না।

এ সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে জুনিয়র বিশ্বকাপেও, যেটি এ বছরের শেষ দিকে ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পিএইচএফ সভাপতি তারিক বুগতি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের খেলোয়াড়রা ভারতের মাটিতে নিরাপদ মনে করছে না। অনেক খেলোয়াড়ের মধ্যেও সফর নিয়ে অনীহা রয়েছে।’

উল্লেখ্য, এশিয়া কাপ থেকেই সরাসরি হকি বিশ্বকাপের টিকিট পাওয়া যায়।

২০১৬ সালেও এমন ঘটনা ঘটেছিল। পাঠানকোট ও উরি হামলার পর পাকিস্তান একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল।

পাকিস্তান সর্বশেষ ভারতের মাটিতে খেলেছিল ২০২৩ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে। সেবার ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছিল তারা।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।