খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া বহিষ্কৃত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীম হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তার আপিল শুনানি শেষে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে ২০২৩ সালের ১৭ জুলাই ঢাকার একটি আদালত জি কে শামীমকে অর্থপাচারের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর চাঁদাবাজি ও টেন্ডার কারসাজির অভিযোগে জি কে শামীমকে গ্রেফতার করে র্যাব। পরের বছর অর্থাৎ ২০২০ সালের ৪ আগস্ট তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চার্জশিট দাখিল করে।
ওই মামলায় জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। একই বছরের ১০ নভেম্বর ঢাকার একটি আদালত মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু করে এবং পরবর্তীতে সবার ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করে।
তবে হাইকোর্টে আপিলের পর বৃহস্পতিবার জি কে শামীমকে খালাস দেওয়া হলো।
খবরওয়ালা/টিএসএন