খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 23শে শ্রাবণ ১৪৩২ | ৭ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে যাওয়ার ঘটনায় তিন মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ‘আকাশ বিকাশ’ পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নিয়ে অন্তত ২০ জন আহত যাত্রীকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ সময় একটি শিশু নিখোঁজ রয়েছে বলে জানানো হলে ফায়ার সার্ভিসের দুটি রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৪টার দিকে পুকুর থেকে তিন মাস বয়সী শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
শেরপুর সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জামিল আহামেদ গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে ঝিনাইগাতীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে নিখোঁজ শিশুর বিষয়ে জানতে পারার পর শেরপুর থেকে আরও একটি ডুবুরি দল আসে। পরে দুই ঘণ্টা চেষ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ঝিনাইগাতী উপজেলা ইনচার্জ আব্দুল মান্নান স্থানীয়ভাবে কাজ করেছে।’
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর শিশুটির মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিন হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে।’
খবরওয়ালা/এসআই