খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ছোট মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চালক বাইজিদ হোসেন (২৩) ও তার সহকারী মুশফিক হোসেন (২২)। বাইজিদের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামে। আর মুশফিক ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাইকশা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী গুরুতর আহত হন। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
খরবওয়ালা/এসআর