খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম মসজিদ মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে একটি লাইভ করেন তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন— ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।’
ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণ পর মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও জবাই করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, হত্যাকাণ্ডটি অত্যন্ত নৃশংসভাবে জনসম্মুখে সংঘটিত হয়েছে, যা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান গণমাধ্যমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা চলছে।’
খবরওয়ালা/এসআই