সংঘবদ্ধ ডাকাতচক্রের হাতে প্রবাসীর মালামাল লুটের ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও দামি মোবাইলসহ মূল্যবান মালামাল।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
জানা যায়, গত ২১ জুলাই দুবাই থেকে ফেরা প্রবাসী মোহাম্মদ সামসু উদ্দিনকে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে একটি মাইক্রোবাস গতিরোধ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পর ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান পরিচালনা করে হালিশহর থানা পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
অভিযানে মূল হোতা মনির উদ্দিনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে একজন প্রবাসীদের আগমন সংক্রান্ত তথ্য পাচার করতেন।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ডাকাতির ঘটনা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয়েছে ৫ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার ও দুটি স্যামসাং স্মার্টফোন। এখনও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র ও নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে।
খবরওয়ালা/টিএসএন



