খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
নোয়াখালী হাতিয়ায় একটি জিআর মামলায় জসিম উদ্দিন (৫৫) নামে এক আসামিকে ২০ বছরের সাজা দেন আদালত। সাজা থেকে বাঁচতে প্রকৃত নাম-ঠিকানা পরিবর্তন করে ২৩ বছর নিজেকে আড়াল করে রাখেন তিনি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে রাজধানীর ঢাকা ফার্মগেইট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।
হাতিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মিনহাজুল আবেদিন জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে ১৯৯১ সালে একটি জিআর মামলা দায়ের করা হয়। সেই মামলায় ২০০২ সালে তথ্য প্রমাণাদির ভিত্তিতে ২০ বছরের সাজা প্রদান করেন আদালত। এরপর তাকে গ্রেপ্তারে অনেক দিন ধরে কাজ করছিল পুলিশ। গ্রেপ্তার ভয়ে তার প্রকৃত নাম ঠিকানা পরিবর্তন করে ফেলেন তিনি। নাম গিয়াস উদ্দিন রেখে এএম উচ্চ বিদ্যালয়ে ৫ বছর ধরে খণ্ডকালীন চাকরি করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় নাম ঠিকানা বের করে অভিযান চালিয়ে ঢাকা ফার্মগেইট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
খবরওয়ালা/এসআর