হিন্দি বলতে না পারায় পশ্চিমবঙ্গের এক ব্যক্তিকে ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেপ্তার

মহারাষ্ট্রে হিন্দি ভাষায় সঠিকভাবে কথা বলতে না পারায় পশ্চিমবঙ্গের এক ব্যক্তিকে ‘বাংলাদেশি’ সন্দেহে গ্রেপ্তার করে কারাগারে বন্দী রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ৫৪ বছর বয়সী অসিত সরকার, যিনি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকার বাসিন্দা।

অসিত সরকার এই বছরের জানুয়ারিতে দুই ছেলেকে নিয়ে কাজের খোঁজে মহারাষ্ট্রের ভিওয়ান্ডির সোনালি এলাকার একটি কারখানায় যোগ দিয়েছিলেন। ফেব্রুয়ারির শেষে নারপোলি পুলিশের অভিযানে তিনি ও অন্য ছয় পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহে আটক করা হয়। সবাইকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে বলা হলেও, হিন্দিতে ঠিকমতো ঠিকানা বলতে না পারায় শুধু অসিতকে আলাদা করে আটক করা হয়। তার স্ত্রী লিপি জানিয়েছেন, অসিত যখন পুলিশকে বাংলায় উত্তর দেন, তখনই পুলিশ তাকে ‘বাংলাদেশি’ ধরে নেয়।

অসিতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলেও তার ছেলেরা গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। ২২ বছর বয়সী তার ছেলে আকাশ বাড়ি ফিরে বাবার মুক্তির জন্য সাহায্যের সন্ধানে ঘোরাফেরা করছেন। তিনি বলেন, “মহারাষ্ট্র পুলিশ আমাকে গ্রেপ্তার করার জন্য খুঁজছে, আমি পালিয়ে এসেছি। এখনও কেউ আমাদের বাবার সঙ্গে জেলে দেখা করতে দেয়নি।”

লিপি বলেন, “আমার স্বামী হিন্দিতে ভালো নয়, তবে এ কারণেই তিনি বিদেশি হতে পারেন না। আমাদের কাছে রেশন কার্ড, ভোটার আইডি ও আধারসহ সব ভারতীয় নথি আছে। তবুও সাহায্য পাচ্ছি না।”

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রুমানা খাতুন অসিত সরকারের আটককে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ভাষাগত বৈষম্যকেই দায়ী করেছেন। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সহসভাপতি সুভাষ চাকি বলেছেন, “শুধুমাত্র বাংলা বলায় কাউকে বাংলাদেশি বলা যায় না, এটা স্পষ্ট হয়রানি।”

বিপক্ষ দল বিজেপি জানিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। মজুমদার বলেন, “আমি নিশ্চিত করব পরিবারের আইনি সহায়তা পাবে এবং অসিত সরকারের জামিনের জন্য চেষ্টা করব।”

দক্ষিণ দিনাজপুরের ডেপুটি লেবার কমিশনার বলদেব মণ্ডল জানিয়েছেন, পরিবারকে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে যাতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া যায়। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেছেন, “আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব যাতে ওই ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়।’

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।