খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫
ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মিম আক্তার (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৯ আগস্ট) সকালে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী পরিচয়ে বাসা ভাড়া নেওয়া মিরাজ বিশ্বাস (২৫) পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে মিম ও মিরাজ বাসাটি ভাড়া নেন। বাড়ির মালিককে তারা জানান, দুজনই শহরের একটি পার্লারে কাজ করেন।
বাড়ির মালিক বলেন, ‘গত রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ভোরে মিরাজ বাসা থেকে বেরিয়ে যায়। পরে বাসায় গিয়ে দেখি মিম ফ্লোরে মৃত অবস্থায় পড়ে আছে। এরপর পুলিশে খবর দিই।’
তিনি আরও জানান, ঘরে তেমন কোনো আসবাবপত্র ছিল না; তবে কয়েকটি মাদকের বোতল ও যৌন উত্তেজক ওষুধ পড়ে থাকতে দেখা গেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্বামী পরিচয়দানকারী মিরাজকে খোঁজা হচ্ছে।’
খবরওয়ালা/এসআই