পারিবারিক দ্বন্দ্বের জেরে তিন শিশু সন্তানকে নিয়ে খালে ঝাঁপ দিয়েছেন এক নারী। পরে মা ও সন্তানদের মরদেহ একসঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার রিসাউরা গ্রামে ঘটে। মৃতরা হলেন মা রীনা, তার তিন সন্তান হিমাংশু (৯), আনশি (৫) ও প্রিন্স (৩)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বামী অখিলেশের সঙ্গে পারিবারিক বিষয়ে রীনার তর্কাতর্কি হয়। এরপর স্বামীকে কিছু না জানিয়ে সন্তানদের নিয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি।
শনিবার সকালে শ্বশুরবাড়ির সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে একটি খালের ধারে রীনার পোশাক, চুড়ি, ব্রেসলেট, স্যান্ডেলসহ কিছু ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে ডুবুরি দিয়ে তল্লাশি শুরু হয়।
বান্দা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ জানান, আমরা খালের পানি কমিয়ে ডুবুরি কাজে লাগাই। প্রায় পাঁচ-ছয় ঘণ্টা পর খাল থেকে ওই নারী ও তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো কাপড় দিয়ে একসঙ্গে বাঁধা ছিল। প্রাথমিক ধারণা, স্বামীর সঙ্গে বিরোধের পর রাতেই সন্তানদের নিজের সঙ্গে বেঁধে খালে ঝাঁপ দেন রীনা।
পুলিশ জানিয়েছে, স্বামী অখিলেশকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।
খবরওয়ালা/টিএসএন



