খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ই আগস্ট ২০২৫, ৬:১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী এন এস সায়মন নিজের অজান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৮টি হলের সদ্য ঘোষিত কমিটিতে ‘আহ্বায়ক সদস্য’ হিসেবে নাম থাকায় বিস্মিত হয়েছেন। এমনকি উপযুক্ত ব্যাখ্যা না দিয়েই তাকে ওই কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) কমিটি ঘোষণার পর নিজের নাম দেখে অবাক সায়মন এক ফেসবুক পোস্টে জানান, তিনি কখনো ছাত্রদল বা অন্য কোনো প্রচলিত ছাত্ররাজনীতিতে যুক্ত হননি এবং ভবিষ্যতেও থাকবেন না।
তিনি বলেন, ‘আমি ছাত্রসংসদ কেন্দ্রিক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। অথচ আমার অনুমতি ছাড়া আমার নাম রাজনৈতিক পদে থাকায় আমার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
সায়মন অভিযোগ করেন, ‘যে বিজ্ঞপ্তির মাধ্যমে এটি করা হয়েছে তা তার জন্য অপমানজনক। সেখানে তথ্য গোপনের গুরুতর অভিযোগের সঙ্গে তার নাম জড়ানো হয়েছে, যা অনেক নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।’
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতে যদি এই বিষয়কে কেন্দ্র করে আমার ওপর কোনো চাপ বা আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তার দায় কে নেবে আমি জানি না। কেউ চাইলে কারো ফেসবুক আইডি ব্যবহার করে এমন ভুল করা সম্ভব।’
তিনি আরও জানান, তার পরিবার দলীয় রাজনীতি থেকে বিরত থাকার জন্য কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে এবং তিনি নিজেও খেলাধুলা ও সুস্থ জীবনযাপন করতে চান, ‘লেজুড়ভিত্তিক রাজনীতি নয়।’
সায়মন ছাত্রদলের কাছে দাবি করেন, তার ভাবমূর্তি রক্ষায় তারা তার জন্য একটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করবেন।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ আগস্ট ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৮টি হলের কমিটিতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির আহ্বায়ক সদস্য এন এস সায়মনসহ কয়েকজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে যোগাযোগের জন্য কল করা হলেও তারা ফোন ধরেননি।
খবরওয়ালা/এসআই
মন্তব্য