বাংলাদেশে এ বছর ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও তিন জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন ভর্তি হয়েছেন ৪৪৮ জন। এ নিয়ে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১৮৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের রবিবার প্রকাশিত বুলেটিনে জানানো হয়, মৃত তিন জনের একজন চট্টগ্রাম বিভাগ এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে জুলাই মাসে, যখন ৪১ জনের প্রাণহানি হয়। জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারি মাসে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন এবং আগস্টের প্রথম ১০ দিনে ১৮ জন মারা গেছেন। মার্চে কোনো মৃত্যু হয়নি।
মাস ভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও জুলাইয়ে সবচেয়ে বেশি ছিল, ১০ হাজার ৬৮৪ জন। অন্যান্য মাসে হাসপাতালে ভর্তি ছিলেন—জুনে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারি ৩৭৪ জন, মার্চ ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন এবং আগস্টের প্রথম ১০ দিনে ৩২০৩ জন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশন এলাকায় ৮০ জন, ঢাকা বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮১ জন, খুলনা বিভাগে ৫৭ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৩৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৮৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৯৮৫ জন ভর্তি আছেন।
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর অনেকেই হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন, যার কারণে প্রকৃত আক্রান্তের সংখ্যা সঠিকভাবে জানা সম্ভব হচ্ছে না। ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
খবরওয়ালা/এসআই



