খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫
মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসীম মুনির। সফরে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন অসীম মুনির। তিনি বলেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং ধ্বংসের আশঙ্কা তৈরি হয়, তাহলে তারা বিশ্বের অর্ধেক ধ্বংস করে নিজেরাও ধ্বংস হবে। এতে তিনি কার্যত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দেন।
অসীম মুনির বলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব।”
চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চারদিনের সংঘাত হয়। এর আগে এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই ঘটনার জেরে ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করে এবং হুমকি দেয় যে, সিন্ধুর পানি পাকিস্তানকে আর দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে পাক সেনাপ্রধান আরও বলেন, সিন্ধু নদে ভারতের বাঁধ নির্মাণ শেষ হলে মিসাইল দিয়ে সেটি ধ্বংস করা হবে। “আমরা অপেক্ষায় থাকবো, বাঁধ নির্মাণ শেষ হলে ১০টি মিসাইল মেরে ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই,” বলেন তিনি।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় ১৯৬০-এর দশকে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পাকিস্তান পায়।
খবরওয়ালা/টিএসএন