এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (১০ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

মনিরুল ইসলাম মিয়া বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২১ এর বিধি ১২.২ এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (স্কুল, কলেজ) ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

একই সঙ্গে ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখের আগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি/নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে, বলেন তিনি।

এই আইনজীবী শুনানিতে বলেন, “বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, যা সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের পরিপন্থি্।”

গত ৯ জুলাই মারুফা বেগম, সুজিত চন্দ্র খাঁ, মামুন মিয়া, ফরহাদ আলম ও হাবিবুর রহমানসহ ৫০ জন এমপিওভুক্ত শিক্ষক রিটটি দায়ের করেন।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।