খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫
রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১০ আগস্ট) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শনিবার (৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে রাজশাহীর বাগমারা উপজেলার দেউলিয়া চৌরাস্তার মোড় থেকে চঞ্চলকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল।
গ্রেপ্তারকৃত চঞ্চল প্রামাণিক (২৭) নওগাঁর আত্রাই উপজেলার বামনী গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, একটি হত্যাকাণ্ডের পর পুলিশের ওপর হামলা করে অভিযুক্ত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার সন্দিগ্ধ আসামি এই চঞ্চল প্রামাণিক। তাকে গ্রেফতার করে বাগমারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান।
এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়।
এ সময় প্রায় হাজারখানেক মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাত জন পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনায় ১ হাজার ২০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় চঞ্চলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
খবরওয়ালা/এমইউ