যৌন হয়রানির শিকার শিক্ষক বরখাস্তের জেরে মতিঝিল আইডিয়ালের অধ্যক্ষের পদত্যাগ

যৌন হয়রানির অভিযোগ করায় সাময়িক বরখাস্ত করা হয় রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক তাওহিদা কবিরকে। গভর্নিং বডির সিদ্ধান্ত ছাড়াই মুগদা শাখার একক সিদ্ধান্তে গত ৯ এপ্রিল তাকে সাময়িক বরখাস্ত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌস।

তবে শেষ রক্ষা হয়নি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌসের। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন মুগদা শাখার সেই ইংরেজি শিক্ষক তাওহিদা কবির। মামলায় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে এক নম্বর এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদৌসকে দুই নম্বর আসামি করা হয়।

অন্যদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে তেলচুরিসহ আর্থিক দুর্নীতির অভিযোগও ওঠে। এই পরিস্থিতিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস গত ৩ আগস্ট চাকরি বাঁচাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

জানতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ তো পুরোনো। মামলা করেছেন এক শিক্ষক। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। হিজাব পরে আসায় ছাত্রীদের দাঁড় করিয়ে রেখেছিলেন তিনি, সে কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।’

নারী নির্যাতন মামলা হলো কেন জানতে চাইলে মোহাম্মদ ফেরদৌস বিষয়টি এড়িয়ে যান। বলেন, ‘নারী নির্যাতন মামলা হয়েছে কিনা আমি জানি না।’

তবে ভিকটিম মুগদা শাখার ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক তাওহিদা কবির বলেন, ‘ছাত্রীদের বোরকা পরে আসা না আসার কোনও বিষয় নেই। আমি বোরকা পরে স্কুলে যাই। সে কারণে আমাকে আমার একজন সহকর্মী শিক্ষক বলেছিলেন, আমি যেন বোরকা না পরে আসি। অথচ তারা বিষয়টিকে ছাত্রীদের বোরকা পরার দিকে নিয়ে যাচ্ছেন, যৌন হয়রানির অভিযোগ ধামাচাপা দিতে।’

ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক তাওহিদা কবির জানান, গত ২৩ ফেব্রুয়ারি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম খান তাকে যৌন হয়রানি করেন। বিষয়টি অধ্যক্ষকে জানালে তিনি কোনও ব্যবস্থা নেননি।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।