পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ত্রাণ সহায়তা দিতে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে শুক্রবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে টিআরটি গ্লোবাল।
প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ায় গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত বন্যায় কমপক্ষে ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১৪ জন। বন্যা ও দুর্যোগের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন।
শুক্রবার বন্যায় বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে পাক সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টার খাইবার পাখতুনখোয়ার বাজাউর থেকে রওনা দেয়। পথে মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এতে পাঁচজনের প্রাণহানি ঘটে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমি গান্দাপুর এক বিবৃতিতে বলেন, ‘বাজাউরের বন্যা-দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বহনকারী প্রাদেশিক সরকারের একটি এমআই হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় বিধ্বস্ত হয়েছে।’
খবরওয়ালা/এসআই



