খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।
রবিবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এদিন তার পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
এর আগে শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান কারাগারে রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, ‘মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সন্ধিগ্ধ আসামি মো. আজিজুর রহমান মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য যে, এই আসামি ধানমন্ডি-৩২ এ সাধারণ জনসাধারণের দ্বারা গ্রেপ্তার হওয়ায় সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাতপ্রাপ্ত হয়। মামলা তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।’
শুনানি শেষে ওইদিন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগপত্রে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট রাজধানীর নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। দুপুর আড়াইটার দিকে আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। গুলিবিদ্ধ হয়ে আরিফুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি দুই মাস চিকিৎসা শেষে সুস্থ হন।
এ ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করেন ভুক্তভোগী আরিফুল ইসলাম।
খবরওয়ালা/এসআই