খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫
রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস। যানজটে আটকে থাকায় প্রায় ২৭ মিনিট সময় নষ্ট হলেও ঘটনাস্থলে পৌঁছার পর মাত্র দুই মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে যানজটে আটকে পড়ে প্রায় আধা ঘণ্টা। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় দুটি ইউনিট।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাই। ঘটনাস্থলের উদ্দেশ্যে মোট ১০টি ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয় দুটি ইউনিট। এর দুই মিনিটের মাথায় অর্থাৎ ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।’
তিনি আরও জানান, আগুন লাগার প্রাথমিক কারণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
খবরওয়ালা/এসআই