খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
সাবেক মিস ওয়ার্ল্ড ও বলিপাড়ার জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন নিজের আত্মসম্মান নিয়ে মতামত জানিয়েছেন। তিনি জানান, তাঁর আত্মসম্মান কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত নয়। একটি প্রসাধনী ব্র্যান্ডের ‘লেসনস অব ওর্থ’ সিরিজের নতুন ভিডিওতে এসব কথা বলেন তিনি।
সেখানে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে মানুষের আত্মমূল্যায়নকে প্রভাবিত করছে এবং তা ক্রমশই বেড়ে চলেছে। অনেকেই লাইক আর কমেন্টের ওপর ভরসা করে স্বীকৃতি পেতে চান। কিন্তু সত্যিকারের মূল্যবোধ অনলাইন অনুমোদনের ওপর নির্ভর করা উচিত নয়। অভিনেত্রী হিসেবে নয়, একজন মা হিসেবেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
তাঁর মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম আর সামাজিক চাপের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তরুণ-তরুণী থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও এতে প্রভাবিত হন, যা একেবারেই গুরুতর উদ্বেগের বিষয়।
ঐশ্বরিয়া মানুষকে অনুরোধ করেছেন অনলাইনে স্বীকৃতি খোঁজা বন্ধ করতে। তিনি জোর দিয়ে বলেন, আত্মসম্মান মানুষের ভেতর থেকেই আসে, বাইরে থেকে নয়। সচেতনভাবে নিজের ভেতরে উত্তর খুঁজে নিতে হবে।
ভিডিওটির শেষে তিনি দর্শকদের আশ্বস্ত করে বলেন, ‘তোমরা এর যোগ্য’ এবং তা ভেতর থেকে বিশ্বাস করতে হবে।
অভিনেত্রীর এই বার্তা ভক্তদের মনে দারুণ সাড়া ফেলেছে। এক ভক্ত লিখেছেন, ‘আমি চাই পৃথিবীর অর্ধেক মানুষও যদি তাঁর কথাগুলো বুঝতে পারত।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর কথা বলা হয়েছে। আর সেটা এসেছে ঐশ্বরিয়ার মতো একজনের কাছ থেকে।’ অনেকেই তাঁকে ‘কুইন’ আখ্যা দিয়েছেন, আবার কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসাও করেছেন।
খবরওয়ালা/এফএস