খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোন মারা গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)।
স্থানীয়রা জানায়, দুই বোন স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন একসঙ্গে ঘরের পাশের পুকুরঘাটে মুখ ধোয়ার জন্য যায়। একপর্যায়ে বড় বোন অহি পুকুরের ঘাটে থাকা একটি শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তখন বড় বোনকে ধরতে গিয়ে ছোট বোন ছহিও পানিতে পড়ে ডুবে যায়। বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করলে এমন দৃশ্য দেখা যায়।
পরে সকাল ৭টার দিকে দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরে ভাসতে দেখে তাদের বাড়ির এক চাচা উদ্ধার করে। এরপর স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুই বোনকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও পানিতে পড়ে ডুবে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবরওয়ালা/এমইউ