খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: 4শে ভাদ্র ১৪৩২ | ১৯ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের তিনদিন পর এক শিশুর অর্ধগলিত লাশ হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮আগস্ট) রাতে উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর এলাকায় একটি জমির আইল থেকে আবর্জনায় ঢাকা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম তামিম তালুকদার (১১)। সে রায়পুর ইউনিয়নের বড় গোপালদী মধ্যপাড়া গ্রামের সৌদিপ্রবাসী মো. শামীম তালুকদারের ছেলে।
এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মাগুরা জেলার মহম্মদপুর থানার তুহিন শেখ (৩২) এবং মাগুরা সদর উপজেলার আমিরুল ইসলাম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট বিকেলে নিখোঁজ হয় তামিম এবং ওই দিন রাতেই ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনায় তাঁর মা রিমা আক্তার মধুখালী থানায় অভিযোগ করেন। এরপর সোমবার রাতে পুলিশ ওই বাড়ির গৃহপরিচারক তুহিনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে, শিশু তামিমের লাশ উদ্ধার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর তার মা অপহরণের মামলা করেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার এবং তাঁদের দেওয়া তথ্যমতে শিশুটির লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, শিশুটিকে অপহরণের পর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই টাকা দিতে দেরি হওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করে বিলের পানিতে ফেলে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, শিশুটিকে দুই দিন আগেই হত্যা করা হয়। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া অপহরণ মামলায় আদালতে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
খবরওয়ালা/এসআর