উপমহাদেশের কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের আজ প্রয়ান দিবস

‘যেতে দাও আমায় ডেকো না, কবে কী আমি বলেছি মনে রেখো না’— এই অমর পঙ্‌ক্তি-স্রষ্টা, উপমহাদেশের কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার বাংলা গানের ভুবনে রেখে গেছেন অবিনাশী সৃষ্টির ভান্ডার।

১৯২৪ সালের ৫ ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে তাঁর জন্ম। পিতা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ও খ্যাতনামা উদ্ভিদবিদ। শৈশবে খেলাধুলা আর কৈশোরে ছবি আঁকার প্রতি আকর্ষণ থাকলেও শেষ পর্যন্ত তিনি খুঁজে পান তাঁর প্রাণের জায়গা—কবিতা ও সঙ্গীতে।

গানের প্রতি টান থেকেই কিছুদিন তিনি অনুপম ঘটকের কাছে গান শেখেন। পড়াশোনার সূত্রে প্রেসিডেন্সি কলেজে অধ্যয়নকালে তাঁর লেখা ‘বঁধু গো এই মধুমাস’ গানটি শচীন দেববর্মণ নিজে সুরারোপ করে প্রথম রেকর্ড করেন। সেই গানই তাঁর গীতিকার জীবনের পথচলা শুরু করে।

এরপর একে একে বাংলা আধুনিক গান ও চলচ্চিত্রে তিনি হয়ে ওঠেন অনন্য গীতিকার। অগ্নিপরীক্ষা, পথে হল দেরী, হারানো সুর, সপ্তপদী, দেয়া নেয়া, মরুতীর্থ হিংলাজ সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র তাঁর অমর গান দিয়ে সমুজ্জ্বল হয়ে আছে। বিংশ শতকের দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের আঙিনাকে তিনি আলোয় ভরিয়ে রেখেছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সহজ-সরল এবং আত্মিক বন্ধনে জড়িয়ে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গীতিকার ড. আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে।

দীর্ঘ এক দশক ক্যানসারের সঙ্গে লড়াই শেষে ১৯৮৬ সালের ২০ আগস্ট তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তবে তাঁর লেখা হাজারো গানের সুর আর ছন্দ আজও বাঙালির হৃদয়ে বেঁচে আছে।

বাংলা গানের ইতিহাসে গৌরীপ্রসন্ন মজুমদার এক অনন্য নাম—যাঁর কলম বাংলা সঙ্গীতকে দিয়েছে অনন্ত আবেদন।

লেখক: সম্পাদক ও প্রকাশক, খবরওয়ালা
খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।