খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 5শে ভাদ্র ১৪৩২ | ২০ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
গত জুলাই মাসে শুল্ক–কর আদায়ে প্রায় তিন হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে। আন্দোলন শেষ হলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারেনি।
বুধবার (২০ আগস্ট) জুলাই মাসের শুল্ক–কর আদায়ের হালনাগাদ চিত্র প্রকাশ করে এনবিআর। সেখানে দেখা যায়, জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১১ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ২৭ হাজার ২৪৭ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৮৬৪ কোটি টাকা।
এর আগে গত মে ও জুন মাসে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থবছরে বড় অঙ্কের রাজস্ব ঘাটতি তৈরি হয়। ওই দুই মাসে যৌক্তিক সংস্কারের দাবিতে এনবিআরের কর্মকর্তা–কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন, যার ফলে রাজস্ব আদায়ে স্থবিরতা দেখা দেয়। আন্দোলন থেমে যাওয়ার পরও জুলাইয়ে রাজস্ব খাতে প্রত্যাশিত গতি আসেনি।
এনবিআরের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, আন্দোলনের পর কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত–বদলি আতঙ্ক বিরাজ করছে। রাজস্ব আদায়ে মনোযোগও কম।
তবে এনবিআরের হিসাবে, গত বছরের জুলাইয়ের তুলনায় এবার রাজস্ব আদায় বেড়েছে। ২০২৩ সালের জুলাইয়ে আদায় হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। চলমান ছাত্র–জনতার আন্দোলন ও কয়েক দিনের কারফিউ সত্ত্বেও ওই সময়ে এ অঙ্ক আদায় হয়। এ বছর সেই তুলনায় রাজস্ব আদায় বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২৪৭ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে ৪ হাজার কোটি টাকার বেশি বৃদ্ধি হয়েছে।
খাতভিত্তিক হিসাবে, এ বছরের জুলাইয়ে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট থেকে। এই খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। কাস্টম খাতে আদায় হয়েছে ৯ হাজার ৬০১ কোটি টাকা এবং আয়করে আদায় হয়েছে ৬ হাজার ২৯৪ কোটি টাকা।
খবরওয়ালা/শরিফ