‘আপত্তিকর’ পোশাকে মসজিদ প্রাঙ্গণে ভিডিও ধারণ, মডেলের বিরুদ্ধে মামলা

মসজিদে অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে এক মডেল ও এক ফটোগ্রাফারের বিরুদ্ধে মামলা করেছে লাহোর পুলিশ। পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে এ ঘটনা ঘটে। ওয়ার্ল্ড সিটি অব লাহোর অথরিটির (ডাব্লিউসিএলএ) কর্মকর্তা মুহাম্মদ ওয়াইসের অভিযোগের ভিত্তিতে আকবরি গেট থানায় এফআইআর দায়ের করা হয়।

এফআইআরে মডেল আজবিয়া খান ও ফটোগ্রাফার জেইন শাহের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারী ওয়াইস জানান, মডেল ‘অশোভন পোশাকে’ মসজিদের ভেতরে ভিডিও ধারণ করেছেন এবং এর জন্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।

তিনি বলেন, মসজিদের পবিত্রতা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা করা হবে। ঘটনাটি ঘটে ১৩ আগস্ট, তবে বিষয়টি নজরে আসার পর ১৭ আগস্ট রাতে মামলা দায়ের করা হয়। তবে পুলিশ জানিয়েছে, বাদী অভিযুক্তদের সঠিক ঠিকানা বা যোগাযোগের তথ্য দেননি, এমনকি তাদের নামও যাচাই করা হয়নি। মসজিদ কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করার পর আইনি পদক্ষেপ নেওয়া হয়।

অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আওকাফ বিভাগের সেক্রেটারি ড. তাহির রাজা বুখারি বলেন, এফআইআর দায়ের করা হয়েছে এবং ডাব্লিউসিএলএ বিষয়টি অনুসরণ করছে।

১৭শ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে পাঞ্জাবের গভর্নর ওয়াজির খান এই মসজিদ নির্মাণ করেন। ১৬৩৪ থেকে ১৬৪১ সালের মধ্যে নির্মিত এ স্থাপনাটি বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ টেনটেটিভ লিস্টে অন্তর্ভুক্ত। ২০০৯ সাল থেকে আগা খান ট্রাস্ট ফর কালচার ও পাঞ্জাব সরকারের উদ্যোগে এর ব্যাপক সংস্কার কাজ চলছে। এ কাজে জার্মানি, নরওয়ে ও যুক্তরাষ্ট্রও সহায়তা করছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।