ভিসামুক্ত ভ্রমণে যুক্ত হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

সরকারি (অফিশিয়াল) ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির তালিকায় ৩০তম দেশ হিসেবে যুক্ত হতে যাচ্ছে পাকিস্তান। বর্তমানে বিশ্বের ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণের চুক্তি রয়েছে। তবে প্রতিবেশী পাকিস্তান এতদিন এর বাইরে ছিল। আওয়ামী লীগ সরকারের সময় সম্পর্ক শীতল থাকলেও বর্তমানে স্বাভাবিক করার অংশ হিসেবে পাকিস্তান ভিসা অব্যাহতি চুক্তিতে আগ্রহ দেখিয়েছে।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পাকিস্তানের সঙ্গে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হচ্ছে। প্রস্তাব অনুমোদন পেলে চলতি মাসেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির বিষয়টি বৈঠকে উঠছে। ইতিমধ্যে পাকিস্তান সরকার এ বিষয়ে তাদের মতামত দিয়েছে। অনুমোদন পেলে শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হবে।

আগামী ২৪ আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। সবকিছু ঠিক থাকলে তখনই চুক্তি স্বাক্ষর হতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণের চুক্তি রয়েছে। এর মধ্যে ২৭টি দেশে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা যেতে পারেন, একটি দেশে শুধু কূটনীতিকেরা এবং একটি দেশে বাংলাদেশের সব নাগরিক ভিসা ছাড়া যেতে পারেন। এসব দেশে ৩০ থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যায়। তবে চীনের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করা হয়নি।

যে ২৭টি দেশে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন সেগুলো হলো—ভারত, চীন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ব্রুনেই, কুয়েত, ওমান, কাতার, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, তুরস্ক, কাজাখস্তান, রাশিয়া, কসোভো, সার্বিয়া, বেলারুশ, চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা ও বতসোয়ানা। জাপানের সঙ্গে কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত চুক্তি রয়েছে। এছাড়া বাংলাদেশের সব নাগরিক ভিসা ছাড়াই মালদ্বীপে যেতে পারেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।