খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর শুনই গ্রামের ৭ বছর বয়সী শিশু মুকাব্বির হোসেন রানার মাথায় জন্মের পর থেকেই একটি টিউমার রয়েছে। এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে টিউমারটিও বড় হচ্ছে, যার ফলে তার দুরন্তপনা থমকে গেছে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তার চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।
মুকাব্বিরের বাবা আ. হান্নান একজন দিনমজুর। তিনি জানান, জন্মের সময় টিউমারটি ছোট ছিল, কিন্তু ৯ মাস বয়স থেকে এটি বড় হতে শুরু করে। ময়মনসিংহের একজন চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, কিন্তু সেই খরচ জোগানো তার পক্ষে অসম্ভব।
পরিবারের সদস্যরা মুকাব্বিরের ওপর সব সময় নজর রাখেন। ফুটবল খেলার সময়ও সে কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করে। তার হাসির আড়ালে যেন লুকিয়ে আছে এই কষ্টের বোঝা। মাদ্রাসায় পড়াশোনা করে বড় হওয়ার ইচ্ছা আছে তার।
প্রতিবেশী শহিদুল ইসলাম জানান, পরিবারের আর্থিক দৈন্যতার কারণে শিশুটির চিকিৎসা হচ্ছে না। তিনি চান, সরকার বা কোনো বিত্তবান ব্যক্তি এগিয়ে এসে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করলে সে হয়তো স্বাভাবিক জীবন ফিরে পাবে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, শিশুটি জন্মগতভাবে মাথায় টিউমার নিয়ে জন্মেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে নেওয়া প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে পরিবারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে।
খবরওয়ালা/টিএসএন