খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫
ঢাকার সায়েদাবাদ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা তায়েফ পরিবহনের একটি বাস সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি আজ শনিবার (২৩ আগস্ট) সকালে ঘটেছে।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি সড়কের পাশে খাদে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। পুলিশ এসে বাসটি উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে পাঠানো হয়। আহত অন্য যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বাসটিতে প্রায় ১০-১৫ জন যাত্রী ছিলেন এবং তারা সবাই কমবেশি আহত হয়েছেন। যাত্রীরা অভিযোগ করেছেন যে, চালক ঝিমুচ্ছিলেন, যার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। তারা বলেন, দুর্ঘটনাটি যদি মাত্র তিন কিলোমিটার দূরে হতো, তাহলে বাসটি হাওরের পানিতে নিমজ্জিত হয়ে আরও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতো।
খবরওয়ালা/টিএসএন