খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 9শে ভাদ্র ১৪৩২ | ২৪ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা।’
রবিবার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে বিএনপির সাবেক সাংসদ রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন। কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে, সব ধরনের সুবিধা নিয়েছেন।’
তিনি নির্বাচন কমিশনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বলেন, ‘আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন, আমরা সেই ভূমিকাকে সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা দেখলাম পুলিশ আমাদের নেতাকর্মীদের কীভাবে কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদেরকে কীভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির পার্টি অফিস হয়ে গিয়েছে।’
উল্লেখ, বিএনপির সাবেক সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানার বাবা, অলি আহাদ, ছিলেন দেশের একজন প্রতিষ্ঠিত ও নৈতিকভাবে আদর্শবান রাজনীতিক। ভাষা আন্দোলনের ইতিহাসে তার অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলনে সক্রিয় থাকার কারণে ১৯৪৮ সালের ২৯ মার্চ তৎকালীন সরকার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের জন্য বহিষ্কার করেছিল। দীর্ঘ ৫৮ বছর পর, ২০০৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই বহিষ্কার আদেশটি বাতিল করে।