নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে দাপুটে ফুটবল প্রদর্শনীতে নেপালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ।

রবিবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে আলপি-সুরভীরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে চাপে রেখে জয় নিশ্চিত করে।

আগের ম্যাচে ভারতের কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। তবে নেপালের বিপক্ষে ম্যাচে শক্তিশালী প্রত্যাবর্তন করে বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোল তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের দল।

ম্যাচের ৪১তম মিনিটে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন থুইনুই মারমা। মামনি চাকমার বক্সের ভেতরে আড়াআড়ি পাস পেয়ে দৃষ্টিনন্দন শটে জালের দেখা পান তিনি। বিরতির আগে ৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য একের পর এক চেষ্টা চালায় বাংলাদেশ। ৭৯তম মিনিটে প্রীতি এবং ৮৪তম মিনিটে থুইনুইয়ের শট পোস্টে বাধা পায়। যোগ করা সময়ে আবারও দুর্ভাগ্যের শিকার হন প্রীতি, তার শটও ক্রসবারে লাগে। তবে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় রিয়া নেপালের গোলরক্ষককে কাটিয়ে চমৎকার ফিনিশিংয়ে দলের তৃতীয় গোলটি নিশ্চিত করেন।

ম্যাচে নেপালও কিছুটা লড়াই করেছে। ৫৫তম মিনিটে সাহারা লিম্বুর শট পোস্টে লেগে ফিরে আসে। তবে তাদের আর কোনো প্রচেষ্টা জালে পৌঁছায়নি।

এই জয়ে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল বাংলাদেশ। আসন্ন ২৭ আগস্ট আবারও নেপালের মুখোমুখি হবে লিটুর শিষ্যরা।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।