খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 10শে ভাদ্র ১৪৩২ | ২৫ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
দুই দফা দাবিতে টানা আট ঘণ্টা ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৪ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ‘নো ওয়ার্ক’ কর্মসূচির আওতায় ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
এসময় ভবনের ভেতরে ও বাইরে শিক্ষক–কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
আন্দোলনকারীদের দাবি, আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন গঠন, ১০ কর্মদিবসের মধ্যে প্রবিধি আইন আকারে অনুমোদন এবং ওই সভাতেই তফসিল ঘোষণা করতে হবে। পাশাপাশি অক্টোবরের মধ্যে জকসু নির্বাচনের তারিখ ঘোষণা ও সম্পূরক শিক্ষাবৃত্তির দ্রুত বাস্তবায়নও দাবি করেন তারা।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক, আমরা তাদের সঙ্গে একমত। জকসুর নীতিমালা সংশোধন হয়েছে, তবে হাতে পাইনি। অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা সম্ভব নয়। আবার ১০ কার্যদিবসের মধ্যে প্রবিধি প্রণয়ন আমার এখতিয়ারের বিষয় নয়। তাই এ বিষয়ে লিখিত দিতে পারছি না—শিক্ষার্থীদের বিষয়টি বুঝতে হবে।”
খবরওয়ালা/আশ