খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৩০ কোটি টাকার কোকেনসহ এক বিদেশি যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তির নাম ক্যারেন পেটুলা স্টাফল। তিনি আফ্রিকার দেশ গায়ানার নাগরিক।
শাহজালাল বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার জানান, দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (কিউআর ৬৩৮) সোমবার রাত আড়াইটার দিকে শাহজালালে নামেন ওই যাত্রী।
মাদকের একটি চালান আসার বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য পাওয়ায় শুল্ক গোয়েন্দারা সতর্ক অবস্থায় ছিলেন। উড়োজাহাজটি শাহজালালের ৬ নম্বর বোর্ডিং ব্রিজে যুক্ত হলে যাত্রীর আসন নম্বর ৩০ থেকে ক্যারেন পেটুলা স্টাফলকে শনাক্ত করা হয়। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর তার লাগেজ স্ক্যান করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীর লাগেজে প্লাস্টিকের তিনটি জার পাওয়া যায়। জারের ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েলে মোড়ানো কোকেন ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট প্রাথমিক পরীক্ষায় কোকেনের সত্যতা নিশ্চিত করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্যমতে, উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ কেজি ৬৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও শুল্ক আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
খবরওয়ালা/টিএসএন