ভিক্ষুকের ঘর থেকে চুরি, উপুড় হয়ে পড়ে ছিল নিথর দেহ

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে নিজ ঘর থেকে ফাতেমা বেগম (৫৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে পেকুয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি মৃত নুরুচ্ছফার স্ত্রী।

স্থানীয়রা জানান, বিধবা ফাতেমা বেগম ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি ‘ঝাড়ফুঁক ও পানিপড়া’ দিতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাই কুঁড়েঘরে বসবাস করছিলেন। সোমবার সন্ধ্যার পর পানিপড়া নিতে এক প্রতিবেশী তার বাড়িতে গেলে দরজা বন্ধ পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে গ্রামবাসী দরজা খুলে ঘরের ভেতর উপুড় হয়ে থাকা তার নিথর দেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফোর্স গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা পারভিন আক্তার জানান, বিকেলে তিনি ওই বৃদ্ধার বাসায় গিয়েছিলেন। তখনও দরজা বন্ধ পান। সন্ধ্যায় আবার গিয়ে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে মরদেহ দেখতে পান। পরে গ্রামবাসী পুলিশকে খবর দেন।

গ্রামবাসীর দাবি, কিছুদিন আগে ওই বৃদ্ধার ঘর থেকে ১০ হাজার টাকা চুরি হয়েছিল এবং বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়। ধারণা করা হচ্ছে, টাকার জন্য আবারও ঘরে চোর ঢুকে তাকে শ্বাসরোধে হত্যা করেছে।

স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস বলেন, ফাতেমার বাড়িতে আগেও চুরি হয়েছিল। তখন তার উদ্যোগে ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এবার হয়তো চুরির সময় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেকুয়া থানার এসআই উগ্যজাই মারমা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মরদেহের গায়ে দৃশ্যমান আঘাতের চিহ্ন না থাকলেও কানের কাছে ও গলার নিচে রক্ত জমাট রয়েছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।