খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে ফেসবুকে সমালোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ বক্তব্য দেন তিনি। বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও তার বাসার সামনে মবতাণ্ডবের প্রতিবাদে ইটনা ও অষ্টগ্রামে বিএনপির বিক্ষোভ হয়। রায়টুটি ইউনিয়নের কার্যালয়ের সামনে বক্তব্য দিতে গিয়ে মজনু বলেন,
“আজ থেকে কোনো ছাড় নেই। যদি ফেসবুকে কোনো লেখালেখি হয়, সবাই ফেসবুকে ঢুকবেন। যদি ফজলুর রহমানকে নিয়ে কেউ কোনো মন্তব্য করে, আগে হাত কাটবেন, পরে আমার কাছে দেবেন। আগে হাত পরে সালিশ।”
বক্তব্যের প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার ফেসবুকে লেখেন,
“এখনও ক্ষমতায় আসে নাই, তাতেই এই অবস্থা। ক্ষমতায় এলে মানুষের কী অবস্থা করবে চিন্তা করেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনও ভিডিওটি শেয়ার করে লেখেন,
“যেমন নেতা, তেমন কর্মী! ফেসবুকে সমালোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি!”
মিজানুর রহমান মজনুর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।