তত্ত্বাবধায়ক বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।

প্রধান বিচারপতি শুনানিতে বলেন, “আপিল বিভাগ এমন কার্যকর সমাধান চায়, যাতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বারবার বিতর্ক না হয়।”

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) শুনানি একদিনের জন্য মুলতবি করা হয়েছিল। ওইদিন আইনজীবী শিশির মনির যুক্তি তুলে ধরে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে যারা রায় দিয়েছিলেন, পরে তারা প্রধান বিচারপতি হয়েছেন।”

২০১১ সালের ১০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেন। ওই রায় পুনর্বিবেচনার আবেদন গত বছর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান করেন। এছাড়া জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও একই আবেদন করেন।

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয়। ২০০৮ সালে সর্বশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই ব্যবস্থার অধীনে। তবে ২০১১ সালে তা বাতিল করা হয়।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।