খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
কুমিল্লায় লরির চাপায় আবুল হাসান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব দিকে দয়াপুর নতুন ইউটার্নে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধ তুলে নিলে তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত আবুল হাসান সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর লুইপুরা এলাকার কালন মিয়ার ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন এবং কিছুদিন আগে ছুটিতে দেশে ফিরেছিলেন।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, বিকেলে দয়াপুর নতুন ইউটার্নে লরির চাপায় পথচারী আবুল হাসান ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন।
ঘটনাস্থলে উপস্থিত হন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম। স্থানীয়দের দাবির মুখে পদুয়ার বাজার বিশ্বরোডে আগের ইউটার্ন পুনরায় চালু করা হয় এবং সেখানে দুজন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হলেও পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওসি ইকবাল বাহার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। অবরোধের প্রভাবে সৃষ্ট যানজট পুরোপুরি কাটতে কিছুটা সময় লাগবে। পদুয়ার বাজার বিশ্বরোডের আগের ইউটার্ন দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
খবরওয়ালা/শরিফ