খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকার থেকে কোনো প্রত্যাশা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আমির খসরু বলেন, ‘এই সরকার সাময়িক সরকার। নির্বাচিত সরকার এলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। প্রথম দিন থেকেই আমরা জনগণের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি। আগে অর্থনীতি কিছু গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ ছিল। বিএনপি সেটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায়। এজন্য বিভাগে বিভাগে গিয়ে কুটির শিল্প ও হস্তশিল্প পুনরুদ্ধারের পরিকল্পনা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘একটি গ্রামে একটি পণ্য তৈরি হবে। হারিয়ে যাওয়া হস্তশিল্পগুলো অর্থনীতির মূল স্রোতে আনা হবে। সহায়তা দিলে উৎপাদন ও আয় বাড়বে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।’
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়া উদ্দিন হায়দার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন ও শেখ আবদুর রহিম উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই মেলায় স্থানীয় শিল্পীরা অংশ নেন। উদ্বোধনের পর আমির খসরু হস্তশিল্পের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।