খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫
ঢাকায় সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তার মাথায় আঘাত ও নাকের হাড় ভেঙে যাওয়ায় ছয় সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পরিচালক জানান, শুক্রবার রাতে আহত অবস্থায় নুরকে হাসপাতালে আনা হলে প্রথমে তাকে ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে ওসেক (ওয়াল স্টক ইমারজেন্সি সেন্টার) এবং এরপর আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, নুরের নাকের হাড় ভেঙে গেছে, চোখের ওপর আঘাত রয়েছে এবং মাথায় সামান্য রক্তক্ষরণ হয়েছে। রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়।
নুরের বর্তমান অবস্থা স্থিতিশীল হলেও আগামী ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলে পরিচালক জানান। তিনি আশা প্রকাশ করেন, মস্তিষ্কের রক্তক্ষরণ ওষুধেই ভালো হয়ে যাবে।
মেডিক্যাল বোর্ডের সদস্যরা হলেন— হাসপাতালের পরিচালক, অ্যানেস্থেসিয়া, ক্যাজুয়ালটি, নাক কান গলা, নিউরোসার্জারি ও চক্ষু বিভাগের প্রধানরা।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন আহত হন।
খবরওয়ালা/টিএসএন