খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট ২০২৫
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান (৬৫) ও দুলাল খান (৫৭)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, রাতে জেলা সদরের ওষুধের দোকান বন্ধ করে দুই ভাই মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দিলে দুলাল খান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রুহুল আমিন খানকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।
খবরওয়ালা/এমএজেড