খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট ২০২৫
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের বাধা দেওয়ার চেষ্টা করছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘যে দলের কার্যকলাপ নেই, তারা তো চাইবেই নির্বাচন না হোক। এটা প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দল, জনগণ সবার। কেউ যেন নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত করতে না পারে, সেই চেষ্টা করা হচ্ছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর ওপর নির্ভর করে নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা ঠিক রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহায়তা করবে আইনশৃঙ্খলা বাহিনী। এজন্য সম্পূর্ণ প্রস্তুত। জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। এটি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা করি।’
তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, ‘সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল, তা ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। তবে সেটি মোকাবিলা করতে হবে। তাদের একটি অংশ তো রয়ে গেছে।’
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশে ১৬০৪টি অবরোধ হয়েছে, যা ১২৩টি সংগঠন দ্বারা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ আছে, কিন্তু অনেকেই সেটা না করে রাস্তাঘাট দখল করে ফেলে। রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহরে যানজট বেড়ে যায়। এতে জনভোগান্তি অনেক বেড়ে যায়।’
জাতীয় পার্টির অফিসে আগুন ধরানোর ঘটনা নিয়েও তিনি জানান, পুলিশ তা নিয়ন্ত্রণ করেছে। ‘পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে,’ মন্তব্য করেন তিনি।
খবরওয়ালা/শরিফ