ফাহমিদার রিটে সমর্থন দিল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল

ডাকসু নির্বাচন নিয়ে বিএম ফাহমিদা আলমের রিট আবেদনের ‘নৈতিক ভিত্তির সঙ্গে একমত’ পোষণ করেছে বামপন্থি তিন ছাত্র সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল।

প্যানেলের পক্ষ থেকে জানানো হয়, ফাহমিদা আলম ব্যক্তিগতভাবে রিট আবেদনটি করেছেন। এ বিষয়ে আগে থেকে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে ব্যক্তিগতভাবে এ ধরনের রিট করার অধিকার সবারই আছে বলেও তারা মনে করে।

সোমবার সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এজিএস প্রার্থী অদিতি ইসলাম বলেন, হাই কোর্টের দেওয়া ডাকসু নির্বাচন স্থগিতের রায় ‘অতি-আশ্চর্যজনক’।

তিনি জানান, প্যানেলটি তিন বামপন্থি সংগঠনের হলেও ফাহমিদা স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্ত আছেন এবং তিনি কোনো দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। অদিতি বলেন, ফাহমিদা যে নৈতিক ভিত্তি থেকে রিট করেছেন, তা সঠিক, আর এ ব্যাপারে প্যানেলের সমর্থন রয়েছে।

রবিবার ছাত্রশিবির প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন ফাহমিদা। তিনি প্রশ্ন তোলেন, ৫ আগস্টের আগে ফরহাদ ছাত্রলীগের কমিটিতে ছিলেন, এরপরও কীভাবে তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী হলেন।

এই রিট আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত করে এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাচনি ট্রাইব্যুনালকে ফরহাদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়।

তবে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে গেলে, আদালত হাই কোর্টের আদেশ স্থগিত করে। এতে নির্বাচনের বাধা কেটে যায়।

সংবাদ সম্মেলনে অদিতি ইসলাম বলেন, রিটে নির্বাচন স্থগিত করার কোনো নির্দেশ ছিল না। ফরহাদের মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানের কারণে ফাহমিদা রিট করেছেন। কিন্তু এরপর থেকেই তাকে বুলিং করা হচ্ছে, এমনকি অনলাইনে গণধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তিনি প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কথাও উল্লেখ করেন।

এদিন সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ফাহমিদা জানান, ফরহাদ মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন এবং ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, শিবির টিএসসিতে রাজাকারদের ছবি টাঙিয়েছে এবং তাদের জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছে, যা ডাকসুর উদ্দেশ্যের পরিপন্থি।

ফাহমিদা জোর দিয়ে বলেন, তার রিট নির্বাচন বানচাল করার জন্য নয়। তবে সন্ধ্যায় প্যানেলের সংবাদ সম্মেলনে তাকে দেখা যায়নি।

ফাহমিদার করা রিটের শুনানি মঙ্গলবার বিচারপতি হাবিবুল গণির হাই কোর্ট বেঞ্চে হতে পারে। রিটকারীর পক্ষে শুনানি করবেন জ্যোর্তিময় বড়ুয়া এবং ফরহাদের পক্ষে থাকবেন মোহাম্মদ শিশির মনির।

ডাকসু নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবারে ছাত্রশিবিরের প্যানেলে ভিপি পদে লড়ছেন সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ। অন্যদিকে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলে ভিপি পদে প্রার্থী হয়েছেন মো. নাইম হাসান হৃদয় এবং জিএস পদে এনামুল হাসান অনয়। এই প্যানেল গঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদ)–এর সমন্বয়ে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।