খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ৭ জন জামিন চেয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের পক্ষে আইনজীবী কায়েস আহমেদ অর্ণব জামিনের আবেদন করেন।
বিকেলে জামিনের বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে। জামিনের আবেদন করা অন্যরা হলেন- গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, আব্দুল্লাহীল কাইউম।
গত ২৮ আগস্ট বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আলোচনা অনুষ্ঠানে হট্টগোলের মধ্যে ‘মব হামলার’ শিকার হওয়ার পর পুলিশ হেফাজতে থাকা সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে এই ১৪ জনসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে শাহবাগ থানায় মামলা হওয়া তথ্য দেয় পুলিশ। পরদিন ২৯ আগস্ট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
খবরওয়ালা/এফএস