ভুয়া জন্মসনদও রক্ষা করতে পারল না বাল্যবিয়ে, নববধূ ছাড়া ফিরল বরযাত্রী

বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ভুয়া জন্মসনদ বানিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন বিয়ের আয়োজন বন্ধ করা হয়।

অভিযানে বর ও কনের বাবা-দাদাকে প্রতারণার দায়ে ২৫ হাজার টাকা করে, মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়েটিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে লিখিত মুচলেকা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটি বাউরগাতি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং প্রকৃত বয়স ১৬ বছর। কিন্তু কালকিনির রমজানপুর ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করা একটি ভুয়া জন্মসনদে তার বয়স ১৯ বছর দেখানো হয়েছিল।

এই সনদের ভিত্তিতে পূর্বনির্ধারিত তারিখে বিয়ের আয়োজন করা হচ্ছিল। বরযাত্রীসহ বরপক্ষ উপস্থিত ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নববধূ ছাড়া ফিরে যেতে হয় তাদের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি স্কুলের নথিপত্র যাচাই করে মেয়েটির প্রকৃত বয়স ১৬ বছর নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় অভিভাবককে জরিমানা ও মুচলেকা প্রদান করানো হয়। এছাড়া বিয়েতে সহযোগিতার অভিযোগে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি পর্যবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।